নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইকবাল (২৫) নামের এক তরুণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ‘কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে চাকরিতে যোগদান করতে ঢাকায় গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন।
নিহত রাকিবুল ইকবাল উপজেলার পশ্চিম গন্ধর্বপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এলাহী বকারের ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার ভোরে ঢাকা থেকে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, একটি প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিয়ে রাকিবুল ইকবালকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সকালে সরেজমিনে দেখা যায়, পশ্চিম গন্ধর্বপুর গ্রামের বাড়িতে রাকিবুল ইকবালের পরনের গেঞ্জি বুকে নিয়ে তাঁর মা বিলাপ করছেন। সেখানে উপস্থিত থাকা লোকজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রাকিবুলের বাবা এলাহী বকার বাড়ির খলিয়ানে বসে অঝোরে কাঁদছেন। প্রতিবেশী ও আত্মীয়স্বজন তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। সাংবাদিক পরিচয় পেয়ে সেখানে থাকা এক ব্যক্তি নিজেকে নিহত রাকিবুল ইকবালের মামা শাহিনুর পরিচয় দিয়ে তাঁর ভাগনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরির দুটি নিয়োগপত্র দেখান। ওই দুটি নিয়োগপত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ আতাউর রহমানের স্বাক্ষর রয়েছে। রাকিবুল ইকবালকে ২১ জানুয়ারির মধ্যে কর্ম কমিশন সচিবালয়, ঢাকায় উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। দুটি নিয়োগপত্রই ৪ জানুয়ারি ইস্যু করা হয়েছে।
বাবা এলাহী বকার বলেন, ছোট ছেলে রাকিবুল ইকবালের চাকরির জন্য পাশের উত্তর তাজপুর গ্রামের আবদুল জলিলের ছেলে সবুজ হোসেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সবুজ হোসেন তাঁর সঙ্গে সাড়ে সাত লাখ টাকায় চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে চুক্তি করেন। সবুজ হোসেন দুই মাস আগে বাড়ি থেকে ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুরের ৩৮৯ নম্বর বাসার ভাড়া মেসে নিয়ে যান। গত সোমবার সবুজ হোসেন বাড়িতে এসে তাঁর হাতে রাকিবুল ইকবালের চাকরির নিয়োগপত্র দিয়ে চুক্তি মোতাবেক টাকা দাবি করেন। ওই দিন ঢাকা থেকে রাকিবুল ইকবালও তাঁর বাড়িতে ফোন করে সবুজকে টাকা দিতে বলেন। এরপর তিনি সবুজকে দেড় লাখ টাকা দেন। বাকি ছয় লাখ টাকার জন্য সবুজ চাপ দিচ্ছিলেন। নিয়োগপত্র নিয়ে সন্দেহ থাকায় তিনি চাকরিতে যোগদানের পর বাকি টাকা দেবেন বলে সবুজকে জানিয়ে দেন। গত মঙ্গলবার সকালে সবুজ বাড়িতে এসে তাঁর কাছে বাকি টাকা চান। পরে ঢাকা থেকে এক ব্যক্তি রাকিবুল ইকবালের অসুস্থতার কথা তাঁকে ফোনে জানান। খবর পেয়ে তাঁর বড় ছেলে রুহুল আমিন ঢাকায় গিয়ে রাকিবুলের মৃতদেহ দেখতে পান। বড় ছেলেকে পুলিশ জানিয়েছে, মেসে রাকিবুল ইকবালের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ছেলের লাশ বাড়িতে আনা হয়েছে। ঘটনার পর সবুজকে তাঁর মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁরা বদলগাছি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেননি।
এলাহী বকার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি। প্রতারণার ঘটনা ফাঁস হওয়ায় প্রতারক চক্র আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি সবুজসহ প্রতারক চক্রের সদস্যদের বিচার চাই।’
রাকিবুলের বড় ভাই রুহুল আমিন বলেন, ‘আমি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে খোঁজ নিয়ে জেনেছি, আমার ছোট ভাইকে দেওয়া নিয়োগপত্রটি সঠিক নয়। এটি ফাঁস হওয়ার কারণেই প্রতারক চক্রটি আমার ছোট ভাইকে হত্যা করেছে।’
গতকাল বুধবার সকালে অভিযুক্ত সবুজ হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের কোনো লোকজনও কথা বলতে রাজি হননি। দুপুরে মুঠোফোনটি খোলা পাওয়া গেছে। তাঁর মুঠোফোনে চার-পাঁচবার কল করলেও তিনি ফোন ধরেননি।
ঢাকার কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঝুলন্ত অবস্থায় রাকিবুল ইকবালের লাশ পাইনি। মেসের উঠানে পড়ে থাকাবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় কাফরুল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, নিহত রাকিবুলের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে কাফরুল থানায় অপমৃত্যু মামলা হওয়ায় এখানে মামলা নেওয়ার আর কোনো সুযোগ নেই।