চাকরিপ্রত্যাশীদের হুমকিতে বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের হুমকিতে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলোর চলাচল বন্ধ রয়েছে। এতে ক্লাস ও পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসে আসেনি। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাস সরবরাহকারী ঝিনাইদহের রাজ মোটরসের কর্মকর্তাদের ক্যাম্পাসে গাড়ি না নিয়ে যেতে ছাত্রলীগ পরিচয়ে হুমকি দেওয়া হয়। ফলে গতকাল বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি ক্যাম্পাসে আসেনি। এতে কোনো বিভাগে ক্লাসও হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বুধবার চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে চাকরি দেওয়ার দাবি জানান। চাকরি না দিলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
রাজ মোটরসের কর্মকর্তা মো. মুক্ত বলেন, ‘শুক্রবার রাতে ছাত্রলীগ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে আজ (শনিবার) কোনো গাড়ি না দেওয়ার জন্য বললে আমরা কোনো গাড়ি বিশ্ববিদ্যালয়ে যেতে দিইনি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ‘আমিসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কেউ গাড়ি বন্ধ রাখার জন্য কাউকে হুমকি দিইনি।’ চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী অভিযোগ অস্বীকার করেছেন।