চাকরিপ্রার্থী চিকিৎসক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য পরীক্ষা দিতে এসে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন এক চিকিৎসক। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে এসে মৌখিক পরীক্ষা দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন ওই চিকিৎসক।

অভিযোগকারী চিকিৎসকের নাম এস এম আব্দুল আলীম। তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবেদনবিদ্যা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘পরীক্ষাটি আবার নেওয়া হবে’।

এস এম আব্দুল আলীম প্রথম আলোকে বলেন, ‘সকালে যখন পরীক্ষা দিতে যাই, তখন কয়েকজন চিকিৎসক আমাকে এসে বলেন, আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাঁরা আমাকে প্রথমে ক্যানটিনে নিয়ে গিয়ে চা খেতে সাধাসাধি করেন। পরে সেখান থেকে আরেকটি কক্ষে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেন। আধঘণ্টা পর একজন চিকিৎসক তাঁকে তালা খুলে বের করে নিয়ে আসেন। প্রথমে তাঁকে প্রক্টরের কক্ষে ও পরে হাসপাতালের পরিচালকের কক্ষে বসতে দেওয়া হয়। সেখান থেকে তিনি বাসায় চলে আসেন। পরীক্ষা আর দিতে পারেননি।’

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আব্দুল আলীম।

আলীমের নিয়োগ পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘আলীমের আটকে রাখার অভিযোগ অসত্য। নিয়োগ প্রার্থী ওই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে শিবির করতেন। সে কারণে ২০১০ ও ২০১২ সালে দুইবার তাঁর চাকরি হয়নি। আলীম প্রক্টর ও নিউরো সার্জারির অধ্যাপক হাবিবুর রহমানের পূর্ব পরিচিত।

তবে আলীম নিজেকে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বলে উল্লেখ করেন। তাঁর পরিবারের লোকজন নানাভাবে রাজাকারদের লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান বলেন, স্বাচিপ নামধারী কিছু উচ্ছৃঙ্খল চিকিৎসক আব্দুল আলীমকে একরকম অপহরণ করে নিয়ে যান। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আলীমকে তিনি বিশ্ববিদ্যালয়ে ঢোকানোর চেষ্টা করছেন বলে যে অভিযোগ, তা-ও অসত্য বলে দাবি করেন হাবিবুর রহমান। তবে চাকরিপ্রার্থী ওই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে তাঁর ছাত্র ছিলেন বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখতে হবে- এমন কোনো আইন নেই বলেও উল্লেখ করেন প্রক্টর।