চাকরির আবেদনপত্র চুরি করে প্রার্থীদের কাছে অর্থ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তর থেকে চুরি হয়ে যাওয়া ৩১৫টি চাকরির আবেদনপত্র উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নগরের ছোটবন গ্রাম উত্তর পাড়া এলাকার ফজলে রাব্বি (১৮) ও হাসমত আলী (৫৫) এবং কেদুর মোড় বউবাজার এলাকার হারুন-অর-রশিদ (৩২)। গতকাল বুধবার দুপুরে রাজশাহী র‌্যাব-৫-এর সদর দপ্তরে তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র‌্যাব-৫ অধিনায়ক মাহাবুব আলম বলেন, সম্প্রতি রেলওয়ের এমএলএসএস, পোর্টার এবং ওয়েম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট ঠিকানা বরাবর আবেদনপত্র পাঠান। ১ ফেব্রুয়ারি রেল ভবন থেকে বেশ কিছু আবেদনপত্র চুরি হয়। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারি র‌্যাব-৫ দপ্তরে লিখিত অভিযোগ করে। এ কারণে গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই তিন জনকে আটক এবং তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে এমএলএসএস পদের ৩০৭টি, পোর্টার পদের সাতটি ও ওয়েম্যান পদের দুটি আবেদনপত্র উদ্ধার করেন।
মাহাবুব আলম আরও জানান, প্রতারক চক্রের সদস্যরা চুরির পর আবেদনপত্রে দেওয়া মুঠোফোন নম্বরে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেন। আবেদনপত্রে ভুলত্রুটি আছে জানিয়ে তাঁরা বিকাশের মাধ্যমে একেক জনের কাছ থেকে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করেন। ওই বিকাশ নম্বরের সূত্র ধরেই তাঁদের আটক করা হয়।
এ ব্যাপারে গতকাল রাতেই বোয়ালিয়া থানায় একটি মামলা এবং আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা এম এ জিন্নাহ বলেন, তালিকাভুক্ত ৮৪টি আবেদনপত্র হারিয়ে যাওয়ার পর তাঁরা বিষয়টি টের পান। অন্য আবেদনপত্রগুলো তালিকাভুক্ত হওয়ার আগেই চুরি হয়ে যায়। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।