জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে অফিস খুলে মাহমুদুল হাসান ওরফে মনির হোসেন (৪২) চাকরি দেওয়ার কথা বলে অন্তত ১৫ জনের কাছ থেকে তিন লাখ টাকা করে নিয়েছেন। তাঁদের মধ্যে চাকরি পেয়েছেন তিনজন। এ কাজে অর্থের বিনিময়ে সহযোগিতা করতেন হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাউদ্দিন।
এমপি হোস্টেল থেকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে শেরেবাংলা নগর থানার পুলিশ। তাঁরা রিমান্ডে জানিয়েছেন, সরকারদলীয় সাংসদ কবিরুল হকের ফ্ল্যাটে বসে মাহমুদুল হাসান কখনো নিজেকে সেনা কর্মকর্তা, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দিতেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি-পদোন্নতির তদবিরও করতেন।
১২ আগস্ট রাতে চার সহযোগীসহ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। পরদিন তাঁদের তথ্যের ভিত্তিতে এমপি হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন এই পাঁচজনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়। ১৬ আগস্ট আদালতের মাধ্যমে মাহমুদুলকে আরও এক দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্য ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়। গত সোমবার মাহমুদুলকেও কারাগারে পাঠানো হয়। তবে এজাহারভুক্ত আসামি সংসদ সচিবালয়ের সদস্য ভবন শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দে আট দিনেও গ্রেপ্তার হননি৷
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মাহমুদুল হাসান সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করতেন। বিভিন্ন অভিযোগে গত বছর তিনি চাকরিচ্যুত হন। পরে তিনি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সংসদ ভবন ও এমপি হোস্টেলে অবাধে যাতায়াত করতেন। এরই মধ্যে তিনি হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাউদ্দিনের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাঁর সহায়তায় মাহমুদুল হাসান নড়াইল-১ আসনের সরকারদলীয় সাংসদ কবিরুল হকের ফ্ল্যাটে অফিস খোলেন। তিনি অন্তত ১৫ জনের কাছ থেকে তিন লাখ টাকা করে নিলেও তিনজনকে সরকারি তিন প্রকল্পে এমএলএসএস পদে চাকরি দেন। এ কাজে সহায়তা করতেন গণপূর্ত বিভাগের কর্মচারী ইদ্রিস আলী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল মমীন প্রথম আলোকে বলেন, মাহমুদুল হাসানকে তদবির ও প্রতারণায় সহায়তাকারী ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা গেলে এ চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, তাদের বিষয়ে জানা যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান সংরক্ষিত এলাকায় অবস্থান করে নানা অপরাধমূলক কাজ করছিলেন। এ ঘটনায় ওই ছয়জনের বাইরে এমপি হোস্টেলের আরও কিছু কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে।