চাকরির কথা বলে তিন স্কুলছাত্রীকে পাচারকালে উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তিন স্কুলছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টার সময় গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আকতারা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি একই উপজেলার বংপুর গ্রামে।
শনিবার রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। তাদের মধ্যে দুজন গোদাগাড়ী উপজেলার একটি স্কুলের সপ্তম ও ষষ্ঠ শ্রেণির এবং আরেক জন অন্য একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
সংবাদ সম্মেলনে এই তিন শিক্ষার্থী জানায়, আকতারা বেগম তাদের আত্মীয়। ঢাকায় ভালো চাকরি দেওয়ার কথা বলে তিনি তাদের ঢাকায় যেতে বলেন। তবে সব সময় তিনি মোবাইলে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তারা জানায় গত ১৮ মে তারা গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। আকতারা বেগম তাদের একটি মুঠোফোন নম্বর দিয়েছিলেন। বলেছিলেন, ঢাকায় নেমে সেই নম্বরে যোগাযোগ করলেই এক ব্যক্তি এসে তাদের নন্দন পার্কে নিয়ে যাবেন। সেখানে গেলেই তাদের চাকরির ব্যবস্থা করা হবে।
এই নির্দেশনা মোতাবেক তারা গাবতলী বাস টার্মিনালে গিয়ে নামে। এরপর তারা ওই নম্বরে ফোন দিলেও কেউ তাদের নিতে আসেনি। তারা আবার আকতারা বেগমকে ফোন দেয়। আকতারা বেগম জানায়, ‘তোমরা বেশি দূরে চলে গেছ।’ তিনি তাদের গাজীপুরের চান্দুরায় ফিরে আসতে বলেন। এ সময় তাদের কাছে টাকা ফুরিয়ে যায়। আকতারা তখন তাদের একজনের গয়না বিক্রি করার পরামর্শ দেন। তারা একজনের গয়না বিক্রি করে দেড় হাজার টাকা নিয়ে চান্দরায় আসে। সেখান থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইকিনি গ্রামের রজব আলী ওরফে মজনু নামের এক ব্যক্তি তাদের তিনজনকে তাঁর বাড়িতে নিয়ে যায়।
এদিকে ঘটনার দিনই পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। এরপর থেকে পুলিশ মোবাইলের কল লিস্ট এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়। ডাইকিনি গ্রামে খোঁজাখুঁজির একপর্যায়ে এই তিন ছাত্রীর স্বজনেরা রজব আলীর বাড়ির সামনে তাদের দেখতে পায়। সেখান থেকে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
পরের দিন এক ছাত্রীর বাবা বাদী হয়ে আকতারা বেগম ও রজব আলীকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই আকতারা বেগমকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আলমগীর কবির বলেন, তারা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, এই তিন মেয়েকে সিলেটের তিন ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এ ছাড়াও স্থানীয় পুলিশ মজনু সম্পর্কে যে তথ্য দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে, স্ত্রী সাজিয়ে তাদের হয়তো মধ্যপ্রাচ্যে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তিনি বলেন, মজনুকে ধরতে পারলে রাজশাহীতেও মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত কেউ আছে কি না তা জানা যাবে।