চাকরির খোঁজে এসে অপহৃত যুবক উদ্ধার গ্রেপ্তার ১০
পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ঢাকার আশুলিয়ায় এসে অপহরণকারী চক্রের কবলে পড়েন গাইবান্ধার গোবিন্দগঞ্জের রশীদনগর গ্রামের আজম মাহবুব রব্বানি নামের এক যুবক। পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে আশুলিয়া থেকে তাঁকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), সুমন কবির (২২), রাকিবুর রহমান ওরফে বাপ্পী (২৮), মাসুম (২৮), আকবর (২৫), রুকসানা আমিন শেলি (৩৭), নিশাত আক্তার (২৪), কামরুন্নাহার রানী (২২), হাসি (২৪) ও কলি (৩০)।
আশুলিয়া থানার পুলিশ জানায়, আজম মাহবুব কুমিল্লার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পত্রিকায় ভালো চাকরির বিজ্ঞাপন দেখে তিনি সাক্ষাৎকার দেওয়ার জন্য সোমবার আশুলিয়ার জামগড়া এলাকায় আসেন। এরপর অপহরণকারী চক্রের সদস্যরা তাঁকে জিম্মি করে তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাঁকে মুক্ত করতে তাঁর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ২০ হাজার ৮০০ টাকা পাঠান। পরে তাঁরা বিষয়টি আশুলিয়া থানাকে জানান। এরপর পুলিশ ওই বিকাশ নম্বরের সূত্র ধরে গতকাল বেলা ১১টার দিকে সুটিংবাড়ি এলাকার একটি বাড়ির ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে পাঁচ নারীসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।