চাকরির দাবিতে প্রধান ফটকে তালা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী ও বহিরাগতরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী বহিরাগতদের নিয়ে প্রশাসন ভবনের শিক্ষক সেলে তালা লাগিয়ে দেয়। পরে চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা তৌফিকুর রহমান, কাশেম মাহমুদ, মাহমুদ লেলিন, মাসুদ রানাসহ ২০ থেকে ২৫ জন দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী দুপুর ১২টার বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। পরে বেলা একটার দিকে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দিলে বাস চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, চাকরি প্রত্যাশীরা মাঝে মাঝেই ক্যাম্পাসের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই চাকরি প্রত্যাশীদের হাতে জিম্মি।
চাকরিপ্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আমাদের চাকরির আশ্বাস দিয়ে আসছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ প্রশাসনের আশ্বাসে আমরা তালা খুলে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘তালা লাগানোর পরে তাৎক্ষণিক তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ থাকলে তাঁদের বিষয়টি বিবেচনা করে দেখা হবে।