পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক নারীকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে কাতারে নিয়ে বিক্রি করে যৌনকাজে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই নারী দেশে ফিরে মানব পাচার প্রতিরোধ আইনে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামি হালিম খানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীর ভাষ্যমতে, উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের হালিম খানের স্ত্রী মমতাজ বেগম কাতারপ্রবাসী। হালিম খান তাঁকে কাতারের একটি হাসপাতালে মাসিক ১৮ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এরপর তিনি কাতারে যাওয়ার জন্য হালিম খানকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। গত ১১ এপ্রিল তাঁকে কাতারে পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছার পর মমতাজ বেগম ও উপজেলার আমুরবুনিয়া গ্রামের মো. হোসেন তাঁকে সেখান থেকে নিয়ে তিনজন বিদেশির কাছে তুলে দেন। ওই ব্যক্তিরা তাঁকে একটি বাড়িতে নিয়ে যৌনকাজে বাধ্য করেন। প্রতিদিন কয়েকজন তাঁকে ধর্ষণ করতেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তিন লাখ টাকায় তাঁকে ওই ব্যক্তিদের কাছে বিক্রি করা হয়েছে। এভাবে ১১ দিন কাটানোর পর একদিন তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। রাস্তায় এক বাংলাদেশির সহযোগিতায় তিনি কাতারে বাংলাদেশ দূতাবাসে যান। পরে দূতাবাসের কর্মকর্তারা তাঁকে চিকিৎসা করান এবং দেশে ফেরার ব্যবস্থা করেন। ৭ মে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। কিন্তু প্রতিকার না পেয়ে তিনি থানায় মামলা করেছেন।
ওই নারী বলেন, তাঁর মতো অনেক নারীকে গৃহকর্মী ও চাকরি দেওয়ার নাম করে কাতারে নিয়ে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তারপর বাধ্য করা হয় যৌনকাজে।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহনাজ পারভীন বলেন, হালিম খানসহ স্থানীয় আরও কয়েকজন নারীদের ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কাতারে পাচার করে বিদেশিদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। মামলার বাদী বুদ্ধিমতী বলে কৌশলে সেখান থেকে ফিরে আসতে পেরেছেন। পুলিশ মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এখন অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া হালিম খানকে গত রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের মধ্যে দুজন কাতারপ্রবাসী। অন্যরা পলাতক।