চাকরির নামে টাকা, ফেরত চাওয়ায় চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে ওয়েম্যান পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টাকা দিয়ে নিয়োগ না পাওয়া প্রতারিত এক প্রার্থী টাকা ফেরত চাইতে গেলে তাঁর নামে উল্টো চাঁদাবাজির অভিযোগ করা হয়।
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পুলিশ গত সোমবার দিবাগত রাতে প্রতারিত প্রার্থীর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকালে এই প্রার্থী বাদী হয়ে রেলের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার কথা উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার দুই পক্ষ বসে বিষয়টির মীমাংসা করে। এর ফলে চাঁদাবাজির মামলাও তুলে নেওয়ায়, টাকাও ফেরত দেওয়া হয়।
জাহিদ হাসান নামের আরেকজন প্রার্থী এর আগেই এই নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান।
তাঁর অভিযোগ থেকে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর আওতায় রেলের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়েম্যান পদে দুই হাজার ৭১১টি শূন্য পদের জন্য ২০১০ সালের ২৪ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর বিপরীতে এক লাখ এক হাজার ৬৭২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮৮ হাজার ৫১৩ জনের আবেদন সঠিক এবং ১৩ হাজার ১৫৯টি বাতিল বলে বিবেচিত হয়। বারবার রিট আবেদনের কারণে নিয়োগটি পিছিয়ে যায়। ২০১১ সালের ১২ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ওয়েম্যান পদে চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। অভিযোগে বলা হয়, নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা থেকে প্রায় এক হাজার ২০০ প্রার্থীকে বাদ দিয়ে সেখানে নতুন করে সমপরিমাণ প্রার্থীর নাম ঢোকানো হচ্ছে। এ জন্য এক মাস ধরে ঢাকায় বসে ওই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
আর এই ওয়েম্যান পদে চাকরি দেওয়ার নাম করে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর আজিজুল হক (৫০) নগরের রেলওয়ে কলোনির চা দোকানি ফারুক হোসেনের কাছ থেকে তিন লাখ টাকা নেন। দীর্ঘদিন ঝুলে থাকার পর গত সোমবার এই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ফারুক হোসেনের নাম না দেখে তিনি ওই দিন রাত সাড়ে আটটার দিকে আজিজুল হকের রাজশাহী নগরের রেলওয়ে কলোিনর বাসায় টাকা চাইতে যান। এ সময় আজিজুল হক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, চড়-থাপ্পড় মারেন।
ফারুক হোসেন জানান, ওই দিন রাত একটার দিকেই তাঁর বাড়িতে পুলিশ যায়। তারা ফারুকের ছেলে মানিককে (২৫) নিয়ে আসে। পরে তিনি জানতে পারেন, আজিজুল হক তাঁর (ফারুক) ও ছেলের নামে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ফারুক হোসেন, তাঁর ছেলে মানিক ও অপর কয়েকজন ব্যক্তি একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাঁসুয়া-লাঠি নিয়ে আজিজুল হকের বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
ফারুক হোসেন বাদী হয়ে গতকাল নগরের বোয়ালিয়া থানায় আজিজুল হকের বিরুদ্ধে রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি দেওয়ার নাম করে তিন লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, দুটি অভিযোগ পেয়েছেন। প্রথম অভিযোগের ভিত্তিতে রাতেই একজনকে আটক করা হয়েছে। সকালে পাল্টা আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে।
ওসি আবদুস সোবহান বলেন, নগরের শিরোইল বাস টার্মিনালে বসে তাঁদের দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। অভিযোগকারী আজিজুল হক নিজে থানায় এসে তাঁর অভিযোগ প্রত্যাহার করে আটক মানিককে ছাড়িয়ে নিয়ে গেছেন। ফারুক হোসেনও তাঁর টাকা ফেরত পেয়েছেন বলে তিনি (ওসি) শুনেছেন। ফারুক হোসেন বলেন, সালিসের মাধ্যমে আজিজুল হক তাঁর সব টাকা ফেরত দিয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল আওয়াল ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।