চাকরির নামে প্রতারণা পাওনা চাওয়ায় গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা চাওয়ায় দিনাজপুরে গত শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে শুভ গোস্বামী (২৭) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস ও দুলাল ঘোষ নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুভ শহরের নিমতলা মহল্লার সংগীত কলেজ মোড় এলাকার জগদীশ গোস্বামীর ছেলে। বিশ্বজিৎ দাস শহরের বালুবাড়ি মহল্লার নিত্য গোপালের ছেলে। দুলাল ঘোষ সাহেববাড়ি মহল্লার শংকর ঘোষের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুভকে জেলা প্রশাসন কার্যালয়ে চাকরি দেওয়ার নামে তাঁর বাবা জগদীশ গোস্বামীর কাছ থেকে বছর দেড়েক আগে বিশ্বজিৎ ও দুলাল ৫০ হাজার টাকা নেন। পরে চাকরি দিতে না পারলে টাকা ফেরত চাইলে দুলাল ও বিশ্বজিৎ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিশ্বজিৎ ও দুলাল হুমকি দিতে থাকেন শুভকে। দুলালের বাড়িতে গত শনিবার রাতে শুভ টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাতে শুভর বাড়ির সামনে বিশ্বজিৎ, দুলালসহ কয়েকজন দুর্বৃত্ত শুভকে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার তিন ঘণ্টা পর বিশ্বজিৎ ও দুলালকে গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় ব্যবহৃত পিস্তল ও একটি গুলির খোসা উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্বজিৎ ও দুলাল পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ওই রাতেই শুভর বাবা বাদী হয়ে বিশ্বজিৎ ও দুলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গতকাল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।