চাকরির নামে প্রতারণা ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৪ জন প্রতারককে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। গত রোববার রাজধানীর মিরপুরের পল্লবী ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ভুয়া আবেদন ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।
প্রতারণার কৌশল সম্পর্কে র্যাব জানিয়েছে, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় দুটি ভুয়া কার্যালয় খোলে এই প্রতারক চক্র। তারা জাতীয় পত্রিকাসহ স্থানীয় পত্রিকায় বিভিন্ন ভুয়া কোম্পানির ও সরকারি দপ্তরের বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি দেখে দেশের বিভিন্ন জেলার চাকরিপ্রত্যাশীরা আবেদন করেন। তাঁদের মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। এমন নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে চাকরিপ্রত্যাশীরা জানতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। এর মধ্যেই এই প্রতারক চক্র তাদের কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করে ফেলে। এভাবে ১৪ জনের এই চক্র প্রায় দুই লক্ষাধিক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
র্যাবের অভিযানে মেজর আবু সাঈদ খান, সহকারী পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম নেতৃত্ব দেন।
অভিযানে আটক ১৪ জন হলেন সাতক্ষীরার বুধহাটার ফারুক হোসেন (৩৪), শ্যামনগরের মনিরুল ইসলাম (২৭), আশাশুনির জহুরুল ইসলাম (২৭) কামরুল ইসলাম (২৭) ও মো. ইউনুছ আলী। সিরাজগঞ্জের রাঙ্গালিয়াগাথির আবদুল মজিদ (৫৭), নোয়াখালীর আইয়ুবপুরের মহিবুল ইসলাম (২৭), ফরিদপুরের আলফাডাঙ্গার মো. সুমন (২৬), নোয়াখালীর বেগমগঞ্জের নুরনবী (৪০), ভোলা লালমোহনের তৈয়ব হোসেন (২০), পটুয়াখালীর বাউফলের শহিদুল ইসলাম (২৪), পাবনার আটঘরিয়ার শিমুল হাসান (২৫), মুন্সিগঞ্জের শ্রীনগরের আছমা আক্তার (৩৮) ও কিশোরগঞ্জের সরাইলের ১৬ বছর বয়সী এক কিশোর।