চাকরির নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৪
ছয় লাখ টাকার বিনিময়ে বিমান বাহিনীতে চাকরি পেতে চুক্তি করেছিলেন শফিকুল ইসলাম। একই উদ্দেশ্যে আরও ৪৫ জন তরুণ দুই লাখ থেকে ছয় লাখ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন তাঁদের পূরণ হয়নি।
বিমানবাহিনীতে এভাবে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গত সোমবার রাতে ঢাকা ডিবি পুলিশ ডিওএইচএস থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে উদ্ধার করা হয় চাকরিপ্রত্যাশী ওই তরুণদেরও। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সিভিল স্টাফ মো. জহিরুল ইসলাম এবং তাঁদের সহযোগী মো. স্বপন হোসেন ও মো. এনামুল হক।
শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা বিমানবাহিনীর বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ৪৬ জনকে ঢাকায় আনেন। মিরপুর ডিওএইচএসের একটি বাড়িতে তাঁদের আটকে রাখা হয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।
ডিবির উপকমিশনার আরও বলেন, ৪৬ জন তরুণের সবাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। বর্তমানে বগুড়ায় বিমানবাহিনীর নিয়োগ পরীক্ষা চলছে। প্রতারকেরা তরুণদের ঢাকা থেকে চাকরির নিয়োগপত্র দেওয়ার প্রলোভন দেখান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে কলেজের শিক্ষক, হাইস্কুলের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, সরকারি ডাক্তার ও ইউপি চেয়ারম্যানদের সিল, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নিকাহনামা, চাকরির আবেদন ফরম ও প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র উদ্ধার করা হয়।