চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬
প্রতারণার অভিযোগে সাভারের রাজফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই একটি প্রতারক চক্রের এসব সদস্য চাকরি দেওয়ার টোপ ফেলে দেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও শিক্ষকদের ঠিকানায় চিঠি পাঠিয়ে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলেয়া বেগম (৩২), জাহিদ হোসেন (৪১), ওবায়দুল ইসলাম (২১), আলতাফ হোসেন (৩৫), আবদুল কুদ্দুস (২৫) ও আবু ওয়াহিদ (৪৫)।
টাঙ্গাইলের দেলদুয়ারের শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, মাস তিনেক আগে তাঁর চাচা মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের কাছে ডাকযোগে একটি চিঠি আসে। ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ‘গ্রামীণ ও বাংলালিংক টাওয়ার সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে চিঠিটি পাঠানো হয়েছিল। চিঠিটিতে তাঁর চাচাকে তিন বছর পর্যন্ত মাসে দুই হাজার টাকা সম্মানী দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ তাঁর ছয় আত্মীয়কে চাকরি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। চাচার জন্য ভাতা আর চাকরির লোভে পড়ে জামানত বাবদ জনপ্রতি ২০ হাজার করে টাকা নিয়ে পাঁচ বন্ধুসহ শহিদুল গত ৫ সেপ্টেম্বর রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার কথিত ‘গ্রামীণ ও বাংলালিংক টাওয়ার সার্ভিস’ কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পরপরই প্রচণ্ড মারধর করে তাঁদের কাছে থাকা এক লাখ ২০ টাকা ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেন প্রতারকরা।
এরপর শহিদুল ওই প্রতারকদের নাম ও ঠিকানা জোগাড় করেন। শক্রবার তিনি সাভার মডেল থানায় মামলা করেন। ওই দিনই (শুক্রবার) রাজাঘাট থেকে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সাভারের হেমায়েতপুরে অবস্থিত ‘এয়ারটেল টাওয়ার সার্ভিসে’র কার্যালয়ে অভিযান চালিয়ে আবু ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় এক নারী অফিস সহকারীকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ওই অফিস সহকারী বলেন, তাঁর মূল কাজ ছিল খামে ঠিকানা লেখা। তিনি বলেন, কার্যালয়টিতে কয়েক শ সরকারি গেজেট ছিল। এসব গেজেটে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের ঠিকানা রয়েছে। গেজেট দেখে তিনি খামের ওপর ওই সব ব্যক্তির ঠিকানা লিখতেন। পরে চিঠি ভরে প্রতিদিন ৮০ থেকে ১০০টি খাম ডাকে ছাড়তেন। চিঠিগুলোতে প্রাপককে সম্মানী প্রদান ও জামানতের বিনিময়ে তাঁদের স্বজনদের চাকরি দেওয়া হবে বলে উল্লেখ করা হতো।
পুলিশি হেফাজতে থাকা আবু ওয়াহিদ বলেন, তাঁর মামা শাহাদত হোসেনই মূলত এভাবে টাকা হাতানোর কৌশল বের করেন। তিনি সারা দেশ থেকেই এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন।
তবে ওয়াহিদ নিজে এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তিনি চাকরি করতেন মাত্র। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সারা দেশে এ প্রতারক চক্র কাজ করছে। এদের খপ্পরে পড়ে লোকজন টাকা খোয়াচ্ছেন। তাঁরা বিষয়টি জানলেও কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না।