রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার চাকরির পরীক্ষা বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রার্থীর বয়সসীমা বাড়ানোর দাবি ও নিয়োগ-প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে গতকাল শুক্রবার তাঁরা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের বের করে দেন। কারও কারও প্রবেশপত্র ছিঁড়ে ফেলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে তারা পুলিশকে জানালেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
এর আগে গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের আয়া ও মালি পদের নির্ধারিত মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও আইসিটি সেন্টারের প্রশাসক অভিযোগ করেছেন, গতকালের পরীক্ষা বন্ধ করার জন্য একদল লোক বৃহস্পতিবার রাতে তাঁদের হুমকি দেন।
সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘৫০-৬০ জন লোক বৃহস্পতিবার রাতে নগরের টিকাপাড়ায় আমার বাড়িতে গিয়ে পরীক্ষা বন্ধ করতে বলে। না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
আইসিটি সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, ‘মোটরসাইকেলে ১০-১২ জন আমার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। তবে তাদের চিনতে পারিনি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে তিনটি ক্যাটাগরিতে ২৭টি পদের বিপরীতে গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিবলিওগ্রাফার ও ক্যাটালগার, ১০টা থেকে ১১টা পর্যন্ত ডাটা এন্ট্রি অপারেটর ও বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত গ্রন্থাগার সহকারী পদে পরীক্ষা ছিল। মোট ২৭টি পদের বিপরীতে আবেদন করেন ৩ হাজার ২২০ জন। বয়সসীমা ১৮ থেকে ৩০ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩২ বছর নির্ধারিত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় চতুর্থ বিজ্ঞান ভবনে ক্যাটালগার পদের পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী কেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের বের করে দেন। পরে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান নেন। এতে এই পরীক্ষা আর হয়নি।
এদিকে মহানগর আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে সেগুলো বন্ধ করে দেন। যেসব পরীক্ষার্থী পরবর্তী পরীক্ষার জন্য ঢোকার চেষ্টা করছিলেন, তাঁদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। কেউ বা জোর করে ঢুকতে গেলে তাঁদের গালিগালাজ করে প্রবেশপত্র ছিঁড়ে ফেলেন। এ কাজে বিশেষভাবে সক্রিয় ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও।
সকাল পৌনে ১০টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন দলবল নিয়ে ক্যাম্পাসে ঢোকেন। তৃতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে আগে থেকেই যেসব পরীক্ষার্থী অপেক্ষায় ছিলেন, তাঁদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গের নেতা-কর্মীরা ‘ধর ধর’ বলে চিৎকার শুরু করেন। এ অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষাও বন্ধ হয়ে যায়।
ফটকে অবরোধ সৃষ্টিকালে মাইকে আওয়ামী লীগের নেতাদের বলতে শোনা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দলীয় লোকদের মূল্যায়ন করছে না। আপনারা নির্যাতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাকরি থেকে বঞ্চিত করার ফন্দি আঁটছেন। শর্ত শিথিল করে দলের ত্যাগী ও নির্যাতিতদের চাকরির সুযোগ দিতে হবে।’
সকাল সাড়ে ১০টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে চলে যান। বেলা আড়াইটার দিকে আবার প্রধান ফটক ও কাজলা ফটক বন্ধ করে তৃতীয় পরীক্ষার জন্য আসা পরীক্ষার্থীদের ঢুকতে না দিলে তিনটার পরীক্ষাও বন্ধ হয়ে যায়।
ঘটনার ব্যাপারে ডাবলু সরকার সাংবাদিকদের বলেন, ‘চাকরি কে পাবে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে অস্বচ্ছতা দূর করে চাকরির নির্ধারিত বয়সসীমা উঠিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি।’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ক্যাম্পাসে সাংঘর্ষিক ঘটনা এড়াতে অবস্থান নিয়েছিলাম, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম। তাদের সহযোগিতা চেয়েছিলাম। তারা কেন নিশ্চুপ ছিল, তা তারা বলতে পারবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর বলেন, ‘আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।’