চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি কথিত এনজিওর শিক্ষা কার্যক্রমে শিক্ষকতা চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক হাজারেরও বেশি নারীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই কার্যক্রমের কথিত সমন্বয়কারী উপজেলার বাখরনগর গ্রামের মো. জাকারিয়া এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে গত বৃহস্পতিবার চাকরিপ্রার্থী চার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, মো. জাকারিয়া ‘পল্লী ভিষন বাংলাদেশ’ নামের ওই কথিত বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সমন্বয়ক পরিচয় দিয়ে এর শিক্ষা কার্যক্রমে ৩০০ শিক্ষক নিয়োগ দেন। চাকরি দেওয়ার নামে তিনি প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা নেন। শিশুদের পড়ানোর কথা বলে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তাঁদের নিয়োগ দেওয়া হয়।
এই কার্যক্রমে সুপারভাইজার হিসেবে কাজ করেছেন বাঞ্ছারামপুরের দশদোনা গ্রামের সোনিয়া আক্তার ও মুনিয়া আক্তার এবং দরিয়াদৌলত গ্রামের লাকী আক্তার। সুপারভাইজাররা মাঠপর্যায় থেকে টাকা আদায় করে মো. জাকারিয়ার কাছে জমা দিয়েছেন।
মো. জাকারিয়া গত শুক্রবার মুঠোফোনে দাবি করেন, ‘আমিও প্রতারিত হয়েছি। ৬০০ লোকের কাছ থেকে ৩ হাজার ৬০০ করে টাকা নিয়ে সংগঠনের উত্তরা কার্যালয়ে গিয়ে দিয়েছি। টাকা ফেরত চাইলে এখন তাঁরা ঘুরাচ্ছেন। গত বুধবার আমার বাড়িতে কয়েক শ লোক টাকা ফেরত চাইতে গিয়েছিল। মানুষের চাপে আমি বাড়িতে আসতে পারিনি।’
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ে ‘পল্লী ভিষন বাংলাদেশ’ নামের কোনো এনজিওর রেজিস্ট্রেশন নেই। উপজেলায় এ ধরনের কার্যক্রম চালানোর অনুমোদন দেওয়া হয়নি।
মো. জাকারিয়ার বিরুদ্ধে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন সফিরকান্দি গ্রামের রহিমা বেগম। তিনি বলেন, ‘আমার মাধ্যমে বিভিন্ন গ্রামের ১৩০ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার ৬০০ করে টাকা নিয়ে জাকারিয়ার কাছে টাকা জমা দিই। তারা বলেছিল সুপারভাইজার হলে ১০-১২ হাজার টাকা বেতন দেবে। প্রথম মাসে প্রতি শিক্ষককে ৫৪০, দ্বিতীয় মাসে ২ হাজার ৪০০ এবং তৃতীয় মাস থেকে ৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ১০ জন করে বাচ্চাকে পড়াতে হবে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি জানতে পারি টাকাপয়সা নিয়ে জাকারিয়া এলাকা থেকে পালিয়ে গেছে।’
চাকরিপ্রার্থী বাঞ্ছারামপুর গ্রামের রুনা আক্তার বলেন, ‘জাকারিয়ার কাছে দুই মাস আগে আমিসহ ৪০ জন ৩ হাজার ৬০০ করে টাকা করে জমা দিয়ে কাজ শুরু করি। তখন আমাদের কিছু বই-পেনসিল দেওয়া হয়েছিল। দুই সপ্তাহ পরে আমাকে ৫৪০ টাকা ফেরত দেওয়া হয়। একপর্যায়ে এনজিওর লোকজন বলেন, ‘আর কিছুই দেওয়া হবে না। তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি, এমন কোনো প্রমাণ নেই। তাই টাকা দাবি করলেও কোনো লাভ হবে না।’
এই কার্যক্রমে সুপারভাইজার হিসেবে কাজ করেছেন সোনিয়া আক্তার। মো. জাকারিয়া তাঁর দেবর। সোনিয়া আক্তার বলেন, ‘জাকারিয়া বাঞ্ছারামপুরে এই প্রকল্প এনেছে। পল্লী ভিষনের নামে অনেক মানুষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিও চাই সবার টাকা আদায় হোক। আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি, সব টাকা জাকারিয়াকে দিয়েছি। তিনি টাকা নিয়ে কী করেছেন তা আমার জানা নেই।’
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, মো. জাকারিয়া প্রায় ১ হাজার ৩০০ মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে লিখিত চারটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।