চাকরির প্রলোভন দিয়ে টাকা আদায়, গ্রেপ্তার ৬
সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক স্থায়ী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এঁদের মধ্যে তিনজন সেনাবাহিনী বা পুলিশের সাবেক সদস্য বলে জানা গেছে।
গতকাল শুক্রবার র্যা বের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন আকন্দ, মো. আবুল কাশেম, আবদুর রাজ্জাক, তারেক হাসান, নাসির উদ্দীন ও মো. রাশেদুল মজিদ। এর মধ্যে কাশেম ও নাসির সেনাবাহিনী এবং তারেক পুলিশের চাকরিচ্যুত সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে নয়টি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ছয়জনসহ আরও কয়েকজন দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে এবং সশস্ত্র বাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা আদায় করেন। তাঁরা প্রথমে মেডিকেল চেকআপ বাবদ ২০ হাজার টাকা করে নেন। এরপর প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য ঢাকা সিএমএইচ বা তার আশপাশের কোনো স্থাপনায় নিয়ে তাঁদের ভুয়া মেডিকেল চেকআপ করেন। পরে নিয়োগপত্র দেওয়া বাবদ মোট ১৩ জনের কাছ থেকে ৩৯ লাখ টাকা আদায় করেন। ভুয়া নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে যোগদান করতে গিয়ে এসব লোকজন জানতে পারেন, তাঁদের দেওয়া নিয়োগপত্রগুলো ভুয়া। বিষয়টি র্যা বকে জানালে র্যা ব তাঁদের গ্রেপ্তার করে।