চাকরির প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় নির্মাণাধীন একটি ক্লিনিকে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পিটিয়ে ও পুড়িয়ে জুবাইদুল ইসলাম ওরফে রাজু (১৭) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। রাজু উপজেলার মহিষভাঙ্গা গ্রামের সখের আলী প্রামাণিকের ছেলে এবং বনপাড়া কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের মামা আবদুল মালেক বলেন, রাজু কলেজে পড়ার পাশাপাশি উপজেলায় ওসমানের দোকানে কম্পিউটার কম্পোজের কাজ করত। ১৯ অক্টোবর সকালে তাকে ক্লিনিকে ব্যবস্থাপক পদে চাকরি দেওয়া হবে বলে কয়েন গ্রামের খলিলুর রহমানের ছেলে মনোয়ার হোসেন ওই ক্লিনিকে ডেকে নিয়ে যান। পরে তাকে দগ্ধ ও অচেতন অবস্থায় বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে রাজুর স্বজনেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে দুদিন পর তার চেতনা ফেরে। তখন রাজু তাঁকে জানায়, নির্মাণাধীন ক্লিনিকটিতে যাওয়ার পর পাঁচ থেকে সাতজন লোক তার মুখ-চোখ, হাত-পা বেঁধে পেটাতে থাকে। এরপর তার আর কিছুই মনে নেই। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজু মারা যায়।

নিহতের অপর মামা আবদুল খালেক বলেন, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই ক্লিনিকে চাকরি দেওয়ার নাম করে মনোয়ার তাঁর ভাগনের কাছ থেকে লাখ খানেক টাকা নিয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই আসল সত্য জানা যাবে।

মনোয়ার হোসেনের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। মনোয়ার বর্তমানে এলাকাছাড়া।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। ঘটনাটি রহস্যজনক। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।