চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৬

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগে বলা হয়, ভুয়া প্রতিষ্ঠান খুলে তাঁরা বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থী সহজ, সরল ও নিরীহ যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এরপর হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এমনই এক প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগ।
গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার গণমাধ্যমকে বার্তার মাধ্যমে এ তথ্য জানায় ডিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খাইরুল আলম রাশেদ (২৮), মো. শিমুল বিশ্বাস (৩১), মো. রফিকুল ইসলাম (২২), মো. গোলাম রব্বানী (১৯), মো. জুয়েল আহম্মেদ (২৫) ও মো. মির্জা সানি (২২)।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভিশন ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে বিভিন্ন এলাকার সহজ, সরল ও নিরীহ যুবকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ প্রতারণায় তাঁদের জড়িত থাকার বিষয় বের হয়ে আসে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে গ্রেপ্তারে অভিযান চলছে।