চাকরির বয়স ছয় বছর, কর্মস্থলে হাজিরা শূন্য
চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেছেন ছয় বছর হলো। তবে দীর্ঘ এই সময়ে এক মুহূর্তের জন্যও তিনি কর্মস্থলে যাননি। ওদিকে খাতাকলমে স্বপদে বহাল থাকায় তাঁর স্থলে অন্য কাউকে পদায়নও করা যায়নি। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
এ চিকিৎসকের নাম মো. রেফাত উদ্দিন তারেক। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কার্যালয় সূত্রে জানা গেছে, রেফাত উদ্দিন আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন হিসেবে ২০১১ সালের ১৮ মে যোগদান করেন। ওই দিন তৎকালীন ইউএইচএফপিও মো. সিরাজ উদ্দিন আহমেদের কাছে তিনি যোগদানপত্র দাখিল করেন। ওই যোগদানই শেষ। এরপর বিগত ছয় বছরে তিনি এক মুহূর্তের জন্যও কর্মস্থলে যাননি। অথচ তিনি এখনো চাকরিতে স্বপদে বহাল রয়েছেন।
আলমডাঙ্গার বর্তমান ইউএইচএফপিও মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেফাত উদ্দিনের যোগদানের পর থেকে অননুমোদিত অনুপস্থিত থাকার বিষয়টি প্রতি মাসেই প্রতিবেদন আকারে সিভিল সার্জনকে জানানো হয়। চলতি মাসেও একই ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, জামজামি ইউনিয়ন স্বাস্থ্য-উপকেন্দ্রটি চিকিৎসক শূন্য বলে ঘোষণা এবং সেখানে চিকিৎসক পদায়নের জোর সুপারিশসহ সিভিল সার্জনকে অনুরোধ করা হয়েছে।
রেফাত উদ্দিন ঢাকার সবুজবাগ থানার পশ্চিম মানিকনগর এলাকার ১৯ আনন্দধারার জমির উদ্দিনের ছেলে। তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে (refat tarek) গিয়ে দেখা গেছে, রেফাত উদ্দিন বর্তমানে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে কনিষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত আছেন। ঢাকায় বসবাসের কথা লেখা রয়েছে। কোথাও মূল চাকরিস্থল জামজামি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কথা উল্লেখ নেই।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কার্যালয় এবং জামজামি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কেউই রেফাত উদ্দিনের মুঠোফোন নম্বর দিতে পারেননি। ফলে, তাঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগের জন্য ফেসবুকে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
জেলা সিভিল সার্জন রওশন আরা প্রথম আলোকে বলেন, চিকিৎসক রেফাত উদ্দিনের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করা হয়েছে। কিন্তু ঢাকা থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। ফলে ওই ইউনিয়ন উপ-স্বাস্থ্য উপকেন্দ্রের নতুন করে কাউকে পদায়ন করা যায়নি।