চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ ও গাড়িচাপায় শিশু নিহত
পঞ্চগড় সদর হাসপাতালের সামনে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন ফিরোজা বেগম নামের এক গৃহবধূ। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
একইদিন পঞ্চগড়ের সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িচাপায় রাতুল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ভুষিভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নীলফামারীর সদর উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক হোটেল শ্রমিক নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট সরকারপাড়া গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম (৩৪)। গতকাল দুপুরে ফিরোজা তাঁর অসুস্থ শ্বশুর মোসলেম উদ্দিনকে নিয়ে অটোরিকশায় পঞ্চগড় সদর হাসপাতালে যাচ্ছিলেন। সদর হাসপাতালের সামনে পৌঁছলে হঠাৎ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান । পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, কারও অভিযোগ না থাকায় এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ওই গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ১০-১৫টি গাড়ির একটি বহর বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ফিরছিল। শিশু রাতুল পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল নামক স্থান দিয়ে পার হওয়ার সময় গাড়ির বহরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রাস্তায় বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় থানার ওসি মোমিনুল ইসলাম ও পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হক ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিজিবির গাড়িচালকদের কোনো দোষ ছিল না। শিশুটি দৌড় দিয়েছিল। তার পরও মানবিক কারণে বিষয়টি আমরা বিবেচনা করছি।’
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হোটেল শ্রমিকের নাম নুর ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি হাজীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী জানান, নুর ইসলাম শুক্রবার রাতে অটোরিকশায় সৈয়দপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বাদিয়ারমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে তাঁকে নিয়ে আসা অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে নুর ইসলাম গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।