ট্রাকের চাকায় ইয়াবা পাচার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকের চাকার ভেতর ইয়াবা বড়ি লুকিয়ে রেখে তা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে চট্টগ্রামের চান্দগাঁও খাজা রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জাহেদ ও মো. রাব্বী। তাঁদের বাড়ি কুমিল্লা সদরে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের পেছনের দিকের চাকার ভেতর থেকে আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার পুলিশ জানায়, জাহেদ ও রাব্বী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বড়ি পাচারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।