
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই কর্মীকে চাকু ও হাতুড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের ফকিরবাড়ি রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র সাবা বিন মজিদ ও আবদুল্লাহ আল মামুন। তাঁরা যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন নিয়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনায় কলেজ ছাত্রলীগের একাংশ মামলা করেছে। ওই মামলার আসামি এই দুই শিক্ষার্থী।
সাবা বিন মজিদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা। আবদুল্লাহ আল মামুনের বাড়ি যশোর সদরে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে একটি কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা চলছে। ইতিমধ্যে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী ও সাংসদ জেবুন্নেছা আফরোজের অনুসারী ছাত্রলীগ নেতারা গত বুধবার পাল্টাপাল্টি মামলা করেন। গ্রেপ্তার দুই ছাত্রলীগ কর্মী সাংসদের অনুসারী মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন পক্ষের করা মামলার আসামি।
নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আজাদ রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়। রাত সাড়ে আটটার দিকে ফকিরবাড়ি সড়কের মুখে ও সদর রোডে বসানো তল্লাশিচৌকির সামনে দিয়ে মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। পুলিশ তাঁদের থামতে নির্দেশ দিলে তাঁরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে দুই যুবকসহ মোটরসাইকেলটি আটক করে। অপর যুবক পালিয়ে যান। আটক দুজনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি লম্বা চাকু, একটি হাতুড়ি ও সাতটি কাচের বোতল জব্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লার অনুসারী ফয়সাল আলীম বলেন, ‘অন্য পক্ষ যুব রেড ক্রিসেন্টে দেওয়া আমাদের কমিটি মেনে নিয়েছে। এ কারণে কলেজের পরিস্থিতি মোটামুটি শান্ত। গ্রেপ্তার দুজন আমাদের অনুসারী। তবে তাঁরা কোনো কমিটির সদস্য নন।’
১৩ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। এরপর দুই পক্ষ দুটি ছাত্রাবাসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। তাদের সঙ্গে যোগ দেয় বহিরাগত ছাত্ররা। সংঘর্ষ ঠেকাতে ১৪ জুন রাতে কলেজ ছাত্রাবাসে অভিযান চালাতে যায় পুলিশ। কিন্তু অধ্যক্ষের বাধার মুখে অভিযান চালাতে পারেনি।