চাকু দিয়ে দুই চোখ তুলে নিয়েছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে শিউলি আক্তার।  ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
হাসপাতালে শিউলি আক্তার। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

গৃহবধূ শিউলি আক্তারের দুই চোখ সাদা ব্যান্ডেজ দিয়ে বাঁধা। স্বামী জুয়েল হাসান চাকু দিয়ে খুঁচিয়ে তাঁর দুই চোখ তুলে ফেলেছেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে নিয়ে এসেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালে চোখের ওই সাদা ব্যান্ডেজ খুলতেই আঁতকে ওঠেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক। একপর্যায়ে তিনি বলে ওঠেন, ‘মানুষ কেমনে করে এই কাজ?’
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান। চিৎকার শুনে পরে প্রতিবেশীরা পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে শিউলিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পথে দীর্ঘ যানজটের কারণে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে রাত পৌনে একটার দিকে তাঁকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়।
শিউলি প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে তিনি জুয়েলকে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই দেখছেন, স্বামী নেশা করে। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন জুয়েল।
শিউলি বলেন, ‘ও ইয়াবা না কি জানি একটা খায়। ওই দিন নেশার পরিমাণ বেশি হইছিল। স্বামী সারাক্ষণই ঘর, বাইর করে। তারপরও আমারে সন্দেহ করে। বলে, ঘরে কে আসছিল? বলতে বলতেই আমার মুখে স্কচটেপ মারে। দুই হাত পেছন দিকে বাইন্ধ্যা ফালায়। দুই পা বান্ধে। একসময় খালি বুঝি আমার এক চোখ নাই। তারপর বেহুঁশ হইয়া যাই। একসময় একটু একটু জ্ঞান ফিরলে চারপাশে খালি অন্ধকার দেখি। হাতের বান্ধা একটু আলগা মনে হয়। মুখ থেইক্যা স্কচটেপ টাইন্যা একটু খুইল্যা চিৎকার দেই। আর কিছু মনে নাই।’
চিকিৎসক আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘শিউলির দুই চোখের ভেতরে আর কিছু নেই। এখন শুধু চোখের অবয়ব আছে। অবস্থা খুব ভয়াবহ। চোখের সঙ্গে মস্তিষ্কের নিবিড় সম্পর্ক আছে। হাসপাতালের বিভিন্ন বিভাগ মিলে এই রোগীর ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, আজ শনিবার চোখে অস্ত্রোপচার হতে পারে।
শিউলির ভাই রনি বলেন, এক বছরের মাথায় শিউলি তাঁর স্বামীর চাচাতো ভাই জুয়েলকে বিয়ে করেন। এ বিয়েতে শিউলির বাবার পরিবার ও ছেলেমেয়েরা রাজি ছিল না। তাই সবার সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, শিউলি আক্তারের দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দেওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি। এদিকে পুলিশও তাঁর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী জুয়েলকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে তারা।