চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে গতকাল শনিবার ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩২)। তিনি হরিশপুরের বদর উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই ইউনুচ আলীর সঙ্গে আব্দুর রাজ্জাকের বিরোধ চলছিল।
এর জের ধরে গতকাল রাজ্জাক ও ইউনুচের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুচ লাঠি দিয়ে তাঁকে পেটান। মুমূর্ষু অবস্থায় রাজ্জাককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাজ্জাকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।