চাচাতো ভাইকে কুপিয়ে খুন
রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আতাবর রহমান (৩৮)।
আতাবর উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত আবদুল হানিফ (২৮) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, উপজেলার কোনাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আতাবর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাই আবদুল হানিফের পারিবারিক বিষয় নিয়ে ছয়-সাত বছর ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকালে তাঁদের বাড়ির পাশে কর্মসৃজন কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের কাজ চলছিল। এ নিয়ে আতাবর রহমানের সঙ্গে আবদুল হানিফের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে হানিফ বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে আতাবর রহমানকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মোজাম্মেল হক বাদী হয়ে মামলা করেছেন।