চাচাতো ভাইকে খুনের অভিযোগ, গ্রেপ্তার দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গত সোমবার রাতে চাচাতো ভাইকে খুনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন আরও ছয়জন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম আলিমুল হক (২৬)। আহত ব্যক্তিরা হলেন তাঁর বাবা আবদুর রশিদ (৫০), ভাই আনারুল ইসলাম (৩০) ও বোন আরফিনা বেগম (১৯) এবং মাসুম বিল্লাহ (২৪) ও তাঁর মা ফজিলা বেগম (৪০)। তাঁদের বাড়ি টেপা পলাশী গ্রামের টুলুর বাজার এলাকায়।
আবদুর রশিদ ও আনারুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে মাসুম বিল্লাহ ও ফজিলা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ও উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, এ ঘটনায় আলিমুল হকের ভাই ইসমাইল হোসেন গতকাল মাসুম বিল্লাহ, তাঁর বাবা আবদুল মজিদ (৫২), মা ফজিলা বেগম, ভাই হাবিবুর রহমানসহ (৩০) নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, চার মাস আগে মজিদের ছেলে মাসুদ রানা (২৫) তাঁর চাচা আবদুর রশিদের মেয়ে আরফিনা বেগমকে পরিবারের অমতে বিয়ে করেন। এরপর উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ১৮ দিন আগে শাশুড়ি ফজিলা বেগম ও দেবর মাসুম বিল্লাহ এ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেন। আপস-মীমাংসার পর গত সোমবার সন্ধ্যার দিকে তাঁদের ঘরে তুলে নেন শ্বশুর মজিদ। এ খবর শুনে মাসুম বিল্লাহ রাত ১১টার দিকে বাড়ি ফিরে চাচা আবদুর রশিদকে বাড়িতে ডেকে নিয়ে গালমন্দ করেন। একপর্যায়ে তিনি আবদুর রশিদকে ছুরিকাঘাত করেন। আবদুর রশিদের চিৎকারে তাঁর ছেলে আলিমুল হক এগিয়ে এলে মাসুম তাঁকেও ছুরিকাঘাত করেন। আরফিনা ও তাঁর অন্য ভাই আনারুল ইসলাম এগিয়ে এলে তাঁরাও ছুরিকাঘাতের শিকার হন। এ সময় ঘটনাস্থলেই আলিমুলের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সোমবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুম বিল্লাহ ও ফজিলা বেগমকে আটক করে।
আরফিনা বেগম বলেন, ‘আমার দেবর মাসুম বিল্লাহ তার মা ও ভাইদের সহযোগিতায় পরিকল্পিতভাবে আমার ভাই আলিমুলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় আমরা চারজন আহত হয়েছি। আমরা এর বিচার চাই।’
ঘটনাস্থল পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে অনুমান করছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।