চাচার ঘরের মেঝে খুঁড়ে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামে গত রোববার রাতে চাচার ঘরের মেঝে খুঁড়ে কামরান আহমদ তামিম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবার চাচাতো ভাই আল-আমিনসহ (২৬) তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসমাইল হোসেন (১১) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার তালিনা গ্রামের পাটখেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালীগঞ্জে নিহত ইসমাইল হোসেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে মামার বাড়িতে থাকত। গত শনিবার ইসমাইল কালীগঞ্জে তালিনা গ্রামে সৎবাবার বাড়িতে মা ময়না খাতুনের কাছে যায়।

পরিবার সূত্রে জানা যায়, ইসমাইলের বাবার নাম সাগর হোসেন। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়ার শালিয়া গ্রামে। পাঁচ বছর আগে সাগর ও ময়নার বিবাহবিচ্ছেদ হয়। পরে ফারুকের সঙ্গে ময়নার বিয়ে হয়। ইসমাইল মামার বাড়িতে থেকে পড়ালেখা করত।

ইসমাইলের মামা মিজানুর রহমান বলেন, ইসমাইল মায়ের কাছে গিয়েছিল। বিষয়টি ভালোভাবে নেননি ফারুক হোসেন। রোববার বিকেলে ফারুক গোপনে ইসমাইলকে বেড়ানোর কথা বলে মাঠে নিয়ে যান। সেখানে একটি পাটখেতে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। গতকাল সকালে গ্রামের লোকজন ওই পাটখেতে ইসমাইলের লাশ পড়ে থাকতে দেখেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ফারুকের কথায় তাঁদের সন্দেহ হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। মামা মিজানুর রহমান বাদী হয়ে ফারুক হোসেনকে আসামি করে মামলা করেছেন।

মৌলভীবাজার সদর উপজেলায় নিহত শিশু কামরান ওমানপ্রবাসী কয়েছ মিয়ার ছেলে। সে স্থানীয় উদয়ন কেজি অ্যান্ড হাইস্কুলে প্লে-গ্রুপে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে কামরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা আড়াইটার দিকে কামরানের চাচা রাসেল মিয়ার মুঠোফোনে এক ব্যক্তি কামরানকে ফিরে পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর থেকে মুঠোফোনটি বন্ধ ছিল। ওই দিন কামরানের বাবার খালাতো ভাই লিটন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। গত রোববার রাতে পুলিশ সাধুহাটি গ্রামে নিজ বাড়ি থেকে আল-আমিনকে আটক করে। স্বীকারোক্তি অনুযায়ী তাঁর (আল-আমিনের) ঘরের খাটের তলায় মাটির নিচে পুঁতে রাখা কামরানের লাশ উদ্ধার করে পুলিশ। কামরানের মুখে স্টচটেপ সাঁটা ছিল।

জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাধুহাটি গ্রাম। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সরেজমিনে দেখা যায়, কামরানের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। তাদের ঘরটি উত্তর পাশে। দক্ষিণে একটি খালি ভিটা। এরপরই আল-আমিনের ঘর। প্রতিবেশীরা বলেন, কামরান নিখোঁজ হওয়ার পর যখন চারদিকে খোঁজাখুঁজি করা হচ্ছিল, তখন আল-আমিন বাড়িতেই ছিলেন। তিনি সব সময় স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। কেউ তাঁকে সন্দেহ করেননি।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সোহেল আহম্মদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার করা আল-আমিন ছাড়া অন্য দুজন হলেন সাধুহাটি গ্রামের জনি (২২) ও রবিউল (২২)। আর কেউ এর সঙ্গে যুক্ত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।