চাচার পরিকল্পনায় সলোককে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের সলোক হোসেনকে (১৭) তার চাচা শরিফুল ইসলামের পরিকল্পনায় দুর্বৃত্তরা অপহরণের পর খুন করে। ৫০ হাজার টাকার চুক্তিতে ফারুক বাহিনীর নয়জন সদস্য এতে অংশ নেয়। সলোক অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এ তথ্য জানা গেছে।

গত শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হালিমের আদালতে ১৬৪ ধারায় জাহাঙ্গীর আলম ওই জবানবন্দি দেন।

এদিকে লাশ উদ্ধারের পর থেকে পরিকল্পনাকারী শরিফুল ইসলাম ও খুনের সঙ্গে জড়িত ফারুক ও তাঁর সহযোগীরাআত্মগোপন করেছেন।

জাহাঙ্গীর জবানবন্দিতে বলেন, সলোকের বাবা সামসুল হকের সঙ্গে জমি নিয়ে তাঁর (সামসুল) সৎবাবা আশির উদ্দিন ও তাঁর ছেলে শরিফুলের বিরোধ রয়েছে। বিরোধের কারণে সামসুলের একমাত্র ছেলে সলোককে খুনের পরিকল্পনা করেন সৎচাচা শরিফুল। পরিকল্পনা অনুযায়ী, তিওরবিলা গ্রামের ফারুকের সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করেন শরিফুল।

ঢাকায় চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে সলোককে ৩ অক্টোবর সন্ধ্যায় কৌশলে খাসকররা বাজারে ডাকা হয়। ওই বাজারে যাওয়ার পথে সলোককে অপহরণ করা হয়। জাহাঙ্গীরের দাবি, পরে জানতে পারেন ফারুক ও সহযোগীরা সলোককে বোয়ালিয়ায় নিয়ে খুন করেছেন। ৮ অক্টোবর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নবগঙ্গা নদী থেকে সলোকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় ৯ অক্টোবর রাতে কাবিলনগর গ্রামের রশিদুল্লাহ, মনির উদ্দিন, আরিফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, নতুন করে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান চলছে।