চাচার মারধরে ভাতিজার মৃত্যু!
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে চাচার মারধরের কারণে রহিদুল ইসলাম (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মারধরের এ ঘটনা ঘটেছে, তবে আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রহিদুলের মৃত্যু হয়।
রহিদুল ইসলাম উপজেলার সাইধারা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার সাইধারা গ্রামের মানিকউল্লাহর সঙ্গে তাঁর ছোট ভাই আতাবর রহমানের জমিজমা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আতাবর রহমানের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে রহিদুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মারধরের ঘটনায় মানিকউল্লাহ বাদী হয়ে ছোট ভাই আতাবরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, সামান্য ঘটনা নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, আগের মামলার সঙ্গে হত্যার ধারা যুক্ত করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে মামলা দায়েরের প্রয়োজন নেই। মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।