চাচার মারপিটে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে চাচার মারপিটে আহত রহিদুল ইসলাম (২৮) গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সাইধারা গ্রামের মানিকুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নরদাশ ইউনিয়নের সাইধারা গ্রামের মানিকুল্লাহর সঙ্গে তাঁর ছোট ভাই আতাবর রহমানের জমিজমার বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আতাবর রহমান লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা রহিদুল ইসলামকে মারপিট ও কুপিয়ে জখম করেন। পরে লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। ঘটনার পর মারপিটের অভিযোগে মানিকুল্লাহ বাদী হয়ে ছোট ভাই আতাবরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।
নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, সামান্য বিষয় নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, আগের মামলার সঙ্গে হত্যার ধারা যুক্ত করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে মামলা দায়েরের প্রয়োজন নেই। মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।