চাচার লাঠির আঘাতে আহত কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাচার লাঠির আঘাতে আহত আশিকুর রহমান (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে সে মারা যায়। সে উপজেলার আনন্দনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আশিকুর বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহত আশিকুরের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে আমিরুল ইসলাম ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এতে যোগ দেয় আশিকুর। এ সময় জাহাঙ্গীর হোসেন সেখান থেকে আশিকুরকে চলে যেতে বলে। আশিকুর না যাওয়ায় জাহাঙ্গীর রেগে গিয়ে তার (আশিকুর) মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়।
তাঁকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশেম খান গতকাল বিকেলে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।