চাচার হাতে ভাতিজা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে চাচার মারধরে ভাতিজা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার রাঙামাটি গ্রামের বেলাল হোসেন (৪৫)। 
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ধুনট উপজেলা রাঙামাটি গ্রামের হামেদ আলীর সঙ্গে তাঁর ভাই লুৎফর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লুৎফর রহমান বিবাদমান সীমানা থেকে একটি গাছ কাটেন। হামেদ আলীর ছেলে বেলাল হোসেন এ সময় বাধা দিতে গেলে লুৎফর রহমানের সঙ্গে মারামারি বাধে। এ সময় লুৎফর রহমান বেলাল হোসেনের বুকে ঘুষি মারেন। এতে বেলাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার পারভিন বেলাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুন্নাহার পারভিন জানান, জরুরি বিভাগে আনার আগেই বেলাল হোসেনের মৃত্যু হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হচ্ছে না।
বেলালের ভাই হায়দার আলী বলেন, লুৎফর তাঁদের বাড়ির সীমানা থেকে জোর করে একটি গাছ কেটে নিয়ে যান। এ সময় তাঁর ভাই বেলাল হোসেন বাধা দিলে লুৎফর রহমান তাঁকে মারধর করেন। এ কারণে তাঁর ভাই মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে বেলাল হোসেনের মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে লাশ বগুড়ায় হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।