চাচার হাতে ভাতিজা খুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার চাচার হাতে ভাতিজা জিল্লুর রহমান (৩২) খুন হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত জিল্লুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী মোর্শেদা (২৮) গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
জিল্লুরের পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের বকুল মিয়ার সঙ্গে তাঁর ভাই আনিসুর রহমানের (৫২) পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে বকুলের দুবাইফেরত ছেলে জিল্লুর বাড়ির পাশের বাঁশবাগানে একটি বাঁশ কাটতে যান। এ সময় চাচা আনিসুর, স্ত্রী সবিনা বেগম (৪৫) ও ছেলে মো. উজ্জ্বল মিয়াকে (২৮) সঙ্গে নিয়ে জিল্লুরকে বাঁশ কাটতে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় আনিসুর ও উজ্জ্বল লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে জিল্লুরকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই জিল্লুর নিহত হন।
জিল্লুরের চিৎকারে তাঁকে বাঁচাতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোর্শেদা ছুটে এলে তাঁরা মোর্শেদাকেও মারধর করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত মোর্শেদাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিল্লুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত জিল্লুরের চাচিকে আটক করে পুলিশ।
জিল্লুর প্রায় দুই সপ্তাহ আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন।
কালীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।