চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজা আটক
নেত্রকোনায় এক যুবক তাঁর চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল বুধবার ভোরে পূর্বধলা উপজেলার শালচাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম দোলেনা আক্তার (৪৩)। তিনি শালচাপুর গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। পূর্বধলা থানার ওসি আবদুর রহমান বলেন, সকাল সাতটার দিকে লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত দোলেনার ভাতিজা রাজীব মিয়াকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব মিয়া প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। এ জন্য গত মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে চাচা জমির উদ্দিনের স্ত্রী দোলেনা আক্তার তাঁকে তিরস্কার করেন। এতে রাজীব ক্ষিপ্ত হন। গতকাল ভোরে রাজীব দা দিয়ে তাঁর ঘাড়, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।