চাচিকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার, শিশু ও গৃহবধূর লাশ উদ্ধার
চাচিকে খুন করার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে গত সোমবার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুর থেকে এক অজ্ঞাতনামা শিশু (১১) ও হবিগঞ্জ সদর উপজেলা থেকে রুবিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: শ্রীমঙ্গলের বকুলি বেগমকে (৩৫) হত্যার অভিযোগে তাঁর ভাতিজা শাহ আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ গত ১৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার খলিলপুর গ্রামের দুলাল মিয়ার বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে। ওই নারীকে হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করে ফেলা হয়। পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি দাফন করে। পরে গত ৩০ সেপ্টেম্বর ওই নারীর আত্মীয়স্বজন আলামত দেখে লাশটি বকুলি বেগমের বলে নিশ্চিত করেন। বকুলি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুরের মৃত হানিফ মিয়ার স্ত্রী। তিনি সম্পর্কে শাহ আলমের চাচি। শাহ আলম একাধিক বিয়ে করেছেন। সম্পর্কের অবনতি ঘটায় ছোট স্ত্রী খুরশেদা বেগমের ভাই দুলাল মিয়ার বাড়িতে বকুলিকে হত্যা করে লাশ ফেলে রেখেছিলেন তিনি। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল বলেন, শাহ আলম ২০০৯ সালের মৌলভীবাজার সদর থানায় করা আরেকটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার ও কমলগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
চাঁদপুর: গত সোমবার সন্ধ্যায় পুলিশ মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার এলাকায় নূরীয়া হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করে। ওই মাদ্রাসার দুজন শিক্ষক বলেন, সোমবার বিকেলে এলাকার লোকজন পুকুরে অজু করতে গেলে শিশুটির লাশ দেখতে পান। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হবিগঞ্জ: পুলিশ জানায়, গত সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নোওয়াগাঁও গ্রামের আজিজুল হকের স্ত্রী রুবিনা আক্তারের লাশ বাড়ির পাশের একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর প্রতিবেশীরা। এ সময় তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে ঘটনাস্থলে যায় ও রুবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক বলেন, গতকাল দুপুরে রুবিনার লাশের ময়নাতদন্ত হয়েছে।