চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক নিখোঁজ
নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন (৪৫) দুই দিন ধরে নিখোঁজ। তাঁর স্বজনেরা এ কথা জানিয়েছেন।
আলাউদ্দিনের ভায়রা শহীদুল আলম গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে আলাউদ্দিন ঠিকাদারি কাজের বিলের জন্য নোয়াখালী শহরে এলজিইডির কার্যালয়ে যান। বিকেলে চাটখিল ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আলাউদ্দিন মুঠোফোনে স্ত্রী খালেদা আক্তারকে জানান, কিছু লোক তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ।
শহীদুল বলেন, গতকাল দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে খালেদা আক্তারকে বলেন, আলাউদ্দিন কোম্পানীগঞ্জ থানায় আছেন। পরে থানায় খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়নি। বিকেলে তাঁরা বিষয়টি চাটখিল থানায় জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, তাঁরা আলাউদ্দিন নামের কাউকে আটক কিংবা গ্রেপ্তার করেননি।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), চাটখিল ও সুধারাম থানার ওসিরা বলেন, তাঁরা এ ব্যাপারে জানেন না।