চাটখিলে হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে যুবলীগ নেতা হত্যা মামলার এক আসামিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে উপজেলার ছয়ানি টগবা গ্রামে এ ঘটনা ঘটে। আসামির নাম মো. রবিন।
পুলিশ জানায়, গতকাল সকালে রবিন গ্রামের বাড়িতে এলে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ সময় গ্রামের লোকজন রবিনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে লোকজন রবিনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ২৬ অক্টোবর ছয়ানি টগবা গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সদস্য তারেকুর রহমান ওরফে স্বপনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছাত্রলীগের কর্মী মো. রবিন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বপন হত্যার পর থেকে রবিন পলাতক ছিলেন। গতকাল এলাকায় এলে গ্রামের লোকজন ধরে তাঁকে পিটুনি দেন। রবিনকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।