চাটমোহরে বাল্যবিবাহ বন্ধ পাঁচজনের জেল-জরিমানা
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে গত শুক্রবার রাতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে।
এ সময় বাল্যবিবাহে সহযোগিতার দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, বর, গ্রাম পুলিশের সদস্যসহ পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বর ও উপজেলার বিলচলন ইউনিয়নের কাউসার আলী (২২), বরের বাবা গ্রাম পুলিশের সদস্য আক্কাস আলী (৪৯), আত্মীয় উজ্জ্বল হোসেন (৪৫), মথুরাপুর ইউপির সদস্য সাইদুল ইসলাম (৪৬) ও সহযোগী নূরুল ইসলাম (৫০)।
চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার জানান, উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রীর অমতে তার পরিবারকে ফুসলিয়ে বিয়ের জন্য রাজি করে বরের পরিবার ও স্বজনেরা। শুক্রবার বরপক্ষ আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে আসে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি থানা ও উপজেলা প্রশাসনকে জানান।
রাত নয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান মেয়ের বাড়িতে অভিযান চালান। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের জেল-জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, অভিযানের খবরে মেয়ের বাবাসহ অনেকেই পালিয়ে যান। তবে ঘটনার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের স্বীকারোক্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত শাস্তি দিয়েছেন। সেই সঙ্গে মেয়েটির পরিবারকে বাল্যবিবাহ না দিতে সাবধান করা হয়েছে। বিয়ে বন্ধ হওয়ার পর ওই ছাত্রী আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। তার পরিবারও তাতে সম্মতি দিয়েছে।