চাটমোহর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
হরতালে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র দেওয়ায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সচিব এ আদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) শরিফুল ইসলাম জানান, হরতালে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে চাটমোহর থানার একটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রটিতে আসামির তালিকায় উপজেলা চেয়ারম্যানের নাম থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাটমোহর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ মে বিএনপি নেতৃত্বাধীন জোট দেশব্যাপী হরতাল আহ্বান করে। হরতালের সমর্থনে তৎকালীন চাটমোহর পৌরসভার মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক হাসাদুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি এ এম জাকারিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকা প্রদক্ষিণ করার সময় মির্জা মার্কেট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ ঘটনায় সিএনজিচালক রইচ উদ্দিন বাদী হয়ে হাসাদুল ইসলামসহ ৩৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চাটমোহর থানার উপপরিদর্শক (এস আই) মঈনুদ্দিন জানান, তদন্ত শেষে ২০১৩ সালের ১৬ মে ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এ প্রসঙ্গে হাসাদুল ইসলাম বলেন, ‘মামলাটির নিষ্পত্তি হয়ে গেছে। সব আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরও রাজনৈতিকভাবে হয়রানির জন্য ওই মামলায় আমাকে বরখাস্ত করা হয়েছে। আমি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’