চাটমোহরে যুবলীগ সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
পাবনার চাটমোহর পৌর সদরের বোঁথড় ঘাটে নির্মাণাধীন ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলাটি করেন।
উল্লেখিত আসামিরা হলেন চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান (৩৮), বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক (৩৯), উপজেলা জাসদের সহসভাপতি সুজা উদ্দিন বিশ্বাস (৪৮), শহিদুল ইসলাম বিশ্বাস (৫০), তাঁর ছেলে ও যুবলীগের কর্মী শিমুল বিশ্বাস (২৯), মো. হারুন (৩৭) ও আসলাম হোসেন (৪৩)।
মামলার এজাহারে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠান গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। এর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা। নির্মাণকাজ শুরুর পর থেকেই স্থানীয় একটি চক্র তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর একপর্যায়ে গত মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তারা ব্রিজের কাজ পরিদর্শনে আসেন। এমন সময় যুবলীগ নেতা সাজেদুর রহমানসহ আসামিরা এসে নিম্নমানের কাজের অভিযোগ তুলে আবারও চাঁদা দাবি করেন। এ সময় নির্মাণকাজে জড়িত কর্মীরা পুরো পরিস্থিতি মুঠোফোনে ভিডিও করার চেষ্টা করলে তাঁরা এসব কর্মীকে মারপিট করেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান বলেন, ‘আমরা এলাকাবাসীর স্বার্থে শিডিউল অনুযায়ী কাজ করতে বলেছি। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চাঁদাবাজির মামলা করেছেন।’
এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা নিয়মিত নির্মাণকাজ তদারক করছি। নির্মাণকাজে কোথাও কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের ঘটনা ঘটেনি।’
মামলার বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা ওই এলাকা পুলিশি নজরদারিতে রেখেছি। মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’