চাদর পার্টির কাছে 'জিম্মি' লঞ্চযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে বরিশাল নৌবন্দরে। তবে কর্মস্থলমুখী যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন লঞ্চে এসে। টাকা দিয়ে কিনতে হচ্ছে ডেক ও কেবিনের সামনের জায়গা। ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই হয়েই ফিরতে হচ্ছে কর্মস্থলে।

গত রোববার ও গতকাল সোমবার বরিশাল নৌবন্দরে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। ১৩টি বিলাসবহুল লঞ্চের প্রতিটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। সব কেবিনের সামনের বারান্দায়, এমনকি লঞ্চের সামনের অংশও যাত্রীতে ঠাসাঠাসি। পা ফেলার জায়গা পর্যন্ত নেই। বিআইডব্লিউটিসির জাহাজসহ বেসরকারি লঞ্চগুলোকে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে বন্দর ছাড়তে দেখা গেছে।

গতকাল দুপুর থেকে যাত্রীরা লঞ্চে উঠতে শুরু করেন। বিকেল চারটার মধ্যে অধিকাংশ লঞ্চ যাত্রীপূর্ণ হয়ে যায়। ১৩ জুলাই পর্যন্ত এই চাপ থাকবে এমন আশঙ্কা বিআইডব্লিউটিএর।

এদিকে ঈদে যাত্রীদের জিম্মি করে অর্থ আদায় করছে লঞ্চে চাদর বিছিয়ে রাখা লঞ্চকর্মীদের সিন্ডিকেট। তারা ডেকের একজন যাত্রীর বসার জন্য জায়গা বিক্রি করছে ১০০ থেকে ৩০০ টাকায়। প্রতিটি লঞ্চের কেবিনের সামনে এবং বারান্দার জায়গাও বিক্রি হচ্ছে।

হিজলা উপজেলার লঞ্চযাত্রী মো. আল আমিন জানান, রোববার দুপুরে এসেও তিনি লঞ্চে কোনো জায়গা পাননি। পরে চাদর পার্টির কাছ থেকে ২০০ টাকা দিয়ে জায়গা কিনেছেন। বাকেরগঞ্জের যাত্রী সাথী বেগম বলেন, ‘আমাদের চাদর থাকলেও যারা চাদর বিছিয়ে রেখেছে, তাদের কাছ থেকে ৩০০ টাকা দিয়ে জায়গা কিনতে হয়েছে।’

ছাদে চাদর বিছিয়ে বসেছেন বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের বাসিন্দা আবদুস ছালাম হাওলাদার। তিনি বলেন, বেলা তিনটায় তিনি এসে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন।

গতকাল সুরভী-৯ লঞ্চে কথা হয় বাবুগঞ্জ থেকে আসা যাত্রী মো. আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, কেবিনের সামনের জায়গা লঞ্চ স্টাফদের কাছ থেকে ৩০০ টাকা দিয়ে কিনে বসেছেন। একই দাবি করেন যাত্রী সবুজ হাওলাদার, মাহিনুর বেগম, সাবিনা ইয়াসমিনসহ অনেকে।

চাদর পার্টির কাছে যাত্রীরা জিম্মি, এমন কথা স্বীকার করে বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চাদর বিছানো এবং কেবিনের সামনের জায়গা বিক্রির সঙ্গে একটি চক্র জড়িত। বিষয়টি মনিটরিং করলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে লঞ্চমালিকদের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে সুন্দরবন লঞ্চের চেয়ারম্যান ও বরিশাল শিল্প বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, লঞ্চের কেবিনের সামনের জায়গা বিক্রি করার কথা নয়। অনেক সময় যাত্রীরা জায়গা না পেয়ে কেবিনের সামনে বসে পড়েন। যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে।

নৌ নিরাপত্তার দায়িত্বে থাকা নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক এবং বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ১৩টি বিলাসবহুল লঞ্চ যাত্রী পরিবহন করলেও চাপ সামাল দেওয়া যাচ্ছে না। সার্ভে সনদের চেয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। আর অতিরিক্ত যাত্রীবোঝাই না হলে অনেক যাত্রী যেতে পারতেন না। ১৩ জুলাই পোশাক কারখানার ছুটি শেষ হবে। সেই পর্যন্ত এই চাপ থাকবে।