চান্দিনা মহিলা কলেজের ২৫ ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২৫ জন ছাত্রী আহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
আহত ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মাইমুনা আক্তার, রোকেয়া বেগম ও শারমিন আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার দিকে মাইমুনাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আন্দোলনরত ছাত্রীরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে তাঁরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন শুরু করেন। তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান। পথে সরকারদলীয় কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এরপর মহাসড়কে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ তাঁদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কাজী ইয়াছিন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও বরকইট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, চান্দিনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেনসহ ৪০ থেকে ৫০ জন ছাত্রীর ওপর হামলা করেন। তাঁরা পুলিশের সামনেই ছাত্রীদের চড় মারেন এবং লাঠি দিয়ে পেটান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, এখানে আটজনকে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাজী ইয়াছিন বলেন, ‘মহিলা পুলিশ ছাত্রীদের ওপর হামলা করেছে। আমরা সেখানে ছিলাম।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ছাত্রীরা মহাসড়ক অবরোধ করায় এ অবস্থা হয়েছে। পুলিশের পাশাপাশি বহিরাগত ব্যক্তিরাও সেখানে ছিল।
খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, ছাত্রীদের ওপর হামলার ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে।
১৫ জুলাই সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।