চান্দিনায় ডাকাত সন্দেহে গণপিটুনি দুজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচর এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত দুজনের নাম রুবেল মিয়া (২৫) ও সোলায়মান (২৮)। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নাইম নামে আহত এক যুবক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বলেন, উপজেলার রানীচর মাদ্রাসাসংলগ্ন সেতুর কাছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল লোককে ডাকাত সন্দেহে ধাওয়া করে এলাকাবাসী। একপর্যায়ে গণপিটুনিতে রুবেল, সোলায়মান ও নাইম গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল শুক্রবার ভোররাত সোয়া চারটায় ওই তিন যুবককে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রুবেল ও সোলায়মানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নাইমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লাশ দুটি কুমিল্লা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্র আরও জানায়, নিহত রুবেলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের তেবারিয়া গ্রামে। সোলায়মানের বাড়ি আদর্শ সদর উপজেলার অরুণাপুর গ্রামে। আর নাইম চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার বাসিন্দা।