চান্দিনায় তুলাভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২
কুমিল্লার চান্দিনা এলাকার সড়ক থেকে তুলাবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। চালক ও তাঁর সহকারীকে অচেতন করে তুলাসহ গাড়িটি ছিনতাই করা হয়। এ ঘটনায় গত শনিবার বিকেলে চান্দিনা থানায় গাড়িটির চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির’ চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ মামলাটি করেন। এজাহারে বলা হয়, দেশের বাইরে থেকে আসা ১৮ লাখ টাকার ওই তুলা গুলশানের একটি শিল্পপ্রতিষ্ঠানের। গত বৃহস্পতিবার রাতে শুকতারা ট্রান্সপোর্টের ভাড়া করা কাভার্ড ভ্যানে ওই তুলা শিল্পপ্রতিষ্ঠানটির গাজীপুরের কারখানায় নেওয়া হচ্ছিল। রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থামিয়ে চাকার কোনো ত্রুটি আছে কি না, তা দেখছিলেন চালক মো. ইসমাইল ও সহকারী মো. ইয়াছিন। এ সময় একটি মাইক্রোবাসে পাঁচ থেকে ছয়জন যুবক নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল আছে বলে সন্দেহ প্রকাশ করেন। তাঁরা চালক ও সহকারীকে ধরে মাইক্রোবাসে তুলে ফেলেন। এ সময় যুবকদের একজন তুলাভর্তি কাভার্ড ভ্যানটি চালিয়ে অজানা গন্তব্যে নিয়ে যান। অন্য যুবকেরা চালক ও সহকারীকে জোর করে নেশাজাতীয় বড়ি খাওয়ান। এতে তাঁরা অচেতন হয়ে পড়লে তাঁদের মহাসড়কের বুড়িচংয়ের কাবিলা বাজারে ফেলে রেখে চলে যান ওই যুবকেরা। শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাঁরা ঘটনার বর্ণনা দেন।
পুলিশ শনিবার দুপুরে নরসিংদীর নূরালাপুর এলাকা থেকে খালি অবস্থায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করে।