চান্দিনায় বরযাত্রী ও যাত্রীবাহী বাসে ডাকাতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীবাহী গাড়িবহর ও যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। গত সোমবার গভীর রাতে মহাসড়কের চান্দিনা পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনের সেতুতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা বরযাত্রীবাহী চারটি মাইক্রোবাস থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় ঢাকাগামী অপর একটি বাসেও ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয় ডাকাত দল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ঢাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বউ নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসগুলো চাঁদপুরে ফিরছিল। পথে তাদের চারটি গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় যাত্রীবাহী বাস থামিয়েও ডাকাতি করে ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পাট গবেষণা কেন্দ্র এলাকায় ১০ থেকে ১২ জন লোক সশস্ত্র অবস্থায় মাইক্রোবাসে হানা দেয়। একপর্যায়ে তারা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণ ও টাকা লুট করে মহাসড়কের উত্তর পাশে দেবীদ্বার এলাকায় চলে যায়। তবে এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
ওই এলাকার একটি করাতকলের শ্রমিক সজীব মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল নয়টায় করাতকলে আসার পর দেখি আমাদের মিলের গাছের গুঁড়ি রাস্তার পাশে পড়ে আছে এবং সেখানে পুলিশের কয়েকটি গাড়ি রয়েছে। পরে জানতে পারি রাতে আমাদের মিল থেকে গাছের গুঁড়ি নিয়ে বরযাত্রীর গাড়িবহরে ডাকাতি করে ডাকাত দল।’
মহাসড়ক (হাইওয়ে) পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান মিয়া বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।