চান্দিনায় বিএনপি ও এলডিপির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় গতকাল বুধবার বিএনপি ও এলডিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় এলডিপির নেতা রেদোয়ান আহমেদের গাড়ি ভাঙচুর করা হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আয়োজনে ২০-দলীয় জোটের মতবিনিময় সভায় মহাসচিব রেদোয়ান আহমেদের উপস্থিতিকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা বিএনপি গতকাল সকাল ১০টায় চান্দিনা পূর্ব বাজারে দলীয় কার্যালয়ে ২০-দলীয় জোটের মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ। বেলা একটার দিকে তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। পৌনে দুইটার দিকে রেদোয়ান আহমেদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এলে বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালান। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তখন বিএনপি ও এলডিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। একপর্যায়ে রেদোয়ান আহমেদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রেদোয়ান আহমেদ বলেন, ‘২০-দলীয় জোটের সভায় যোগ দিতে গেলে বিএনপির নেতা-কর্মীরা এলডিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে আমার গাড়ির সামনের কাচ ভেঙে যায়। পরে সেখান থেকে চলে আসি।’
উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘কে বা কারা ওনার গাড়িতে ঢিল মেরেছে জানি না।’