চান্দিনায় হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনা উপজেলার পিপুইয়া গ্রামে স্ত্রীকে মারধরের পর পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে হান্নান সরকার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চান্দিনা থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার হান্নান সরকার পিপুইয়া গ্রামের শাহজাহান সরকারের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান সরকার ও তাঁর স্ত্রী কামরুন্নাহারের মধ্যে পারিবারিক কলহ ছিল। স্বামীর সঙ্গে ঝগড়া করে গত রোববার রাত ১২টার দিকে কামরুন্নাহার বাবার বাড়ি উপজেলার বড়ইয়াকৃষ্ণপুরের উদ্দেশে রওনা হন। এ সময় হান্নানও তাঁর পিছু নেন। একপর্যায়ে হান্নান পিপুইয়া গ্রামের একটি পুকুরপাড়ে এসে স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে পুকুরে ফেলে দেন। পরে পুকুরের পানিতে চুবিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। এরপর কামরুন্নাহার পানিতে ডুবে মারা গেছেন বলে এলাকায় প্রচার করেন। এ সময় এলাকাবাসী ওই গৃহবধূকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামরুন্নাহার বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে। গতকাল সোমবার সকাল নয়টায় কামরুন্নাহারের ছোট ভাই এরশাদ হোসেন চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল দুপুরে পিপুইয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ হান্নান সরকারকে গ্রেপ্তার করে।
চান্দিনা থানার এসআই সাফায়েত হোসেন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পারিবারিক কলহ থেকে ওই ঘটনা ঘটেছে। অভিযোগের বিষয়ে গ্রেপ্তারের পর চান্দিনা থানায় হান্নান সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি।