চাপাতি নিয়ে শিক্ষকের দিকে তেড়ে এলেন ছাত্রলীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে প্রাধ্যক্ষ বিশ্বনাথ শিকদারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রলীগ কর্মী চাপাতি নিয়ে প্রাধ্যক্ষকে মারতে যান। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্মীর নাম হাফিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হাফিজ দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলের ২০৬ নম্বর কক্ষে দুই সিট নিয়ে একা থাকছেন। গত বৃহস্পতিবার রাতে হলের উত্তর ব্লক থেকে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগের ছয়টি রাউটার চুরি হয়। এ নিয়ে হল প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকেরা পুলিশ নিয়ে গতকাল সকালে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। হলের দ্বিতীয় তলার পশ্চিম-দক্ষিণ ব্লকের ২০৬ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে হাফিজ তাঁদের বাধা দেন। এ সময় প্রাধ্যক্ষ বাধা না মানলে হাফিজ চাপাতি নিয়ে তেড়ে আসেন। পরে হলের আবাসিক শিক্ষক ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে থামান। পরে ওই কক্ষ তল্লাশি করলেও চাপাতি ও রড উদ্ধার করেনি হল কর্তৃপক্ষ ও পুলিশ। প্রাধ্যক্ষ বিশ্বনাথ শিকদার বলেন, হাফিজ তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে জানাবেন।
ছাত্রলীগ কর্মী হাফিজ বলেন, ‘আমার কক্ষ তল্লাশি করতে দিতে না চাওয়ায় হলের প্রাধ্যক্ষ আমাকে ধাক্কা মারেন।’ চাপাতি নিয়ে তাঁকে মারতে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।