চাপাতির কোপে ফুফাতো ভাই নিহত
পুকুর থেকে কচুরিপানা তোলাকে কেন্দ্র করে মামাতো ভাই হায়াত আলীর চাপাতির কোপে ফুফাতো ভাই ইকবাল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামে। গত শনিবার রাতে ইকবাল হোসেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ইকবাল হোসেন (৩৫) পাঁচকাইচাইল গ্রামের আয়ু শেখের ছেলে। ইকবালের স্ত্রী হোসনেয়ারা বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের চাঁদনি আক্তার নামের ৫ বছরের একটি মেয়ে রয়েছে।
একই ঘটনায় ইকবালের বাবা কৃষক আয়ু শেখ (৬০) চাপাতির কোপে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইকবালের মা, প্রতিবেশী ও থানা সূত্রে জানা গেছে, পাঁচকাইচাইল গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে কচুরিপানা তোলাকে কেন্দ্র করে শনিবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে হায়াত আলী চাপাতি দিয়ে তাঁর ফুফা আয়ু শেখ ও ফুফাতো ভাই ইকবাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। প্রতিবেশীরা আয়ু শেখ ও ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত একটার দিকে মারা যান ইকবাল।
নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম বলেন, পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে হায়াত আলী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।